আজ থেকে শুরু ছয় জেলায় ধান-চাল সংগ্রহ কার্যক্রম।
আকস্মিক বন্যায় বিপর্যস্ত হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে চাল সংগ্রহের তারিখ এগিয়ে এনেছে সরকার। আগে ১৫ মে থেকে চাল কেনার কথা থাকলেও নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ — এই ছয় হাওর জেলায় ধান সংগ্রহের সঙ্গে একই দিন অর্থাৎ আজ রোববার (৩ মে) থেকেই চাল সংগ্রহও শুরু হচ্ছে।
এবারের বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে। এর মধ্যে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে। সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। এর পাশাপাশি ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

মতামত দিন