নিরাপত্তার গ্যারান্টি পেলে পরশুই ফিরব: সাকিব।
মুম্বাইয়ে 'ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম' লিগের লঞ্চিং ইভেন্টে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব আল হাসান। সেখানেই দেশে ফেরা, মামলা, রাজনীতি ও ক্যারিয়ার নিয়ে একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি।
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি। এর কারণে চেক বাউন্সের মতো ছোট মামলাও মেটাতে পারছেন না বলে অভিযোগ করেন। দেড় বছরের তদন্তেও তার বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি বলে দাবি করেন সাকিব।
২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার চেষ্টার গল্পও শোনান তিনি। সব ঠিক আছে জেনেই বিমানে উঠেছিলেন, কিন্তু দুবাইয়ে নামার পর ফোন করে বলা হয়, না এলেই ভালো। একদিন দুবাইয়ে কাটিয়ে ফিরে যান। ৫ আগস্টের পর দেশে ফিরতে না পারাকে 'সাজানো মব' বলে অভিহিত করেন তিনি।
জুলাই আন্দোলনে চুপ থাকার সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেন, দেশ থেকে অনেক দূরে থাকা এবং ইন্টারনেট বন্ধ থাকায় পরিস্থিতির গভীরতা বুঝতে সময় লেগেছিল। নিহত সবার প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রতিটি জীবনের মূল্য সমান। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তিনি স্পষ্ট বলেন, যে দলে নাম লিখিয়েছেন তার প্রতি অনুগত থাকাই তার স্বভাব, পাল্টি মারা তার কাজ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলাকে বড় ভুল বলে মনে করেন সাকিব এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও অভিযোগ করেন।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মতামত দিন