অপরাধ
ছবি: সংগৃহীত

পরকীয়ার জেরে দুই সন্তানের মাকে নিয়ে পালালেন ইউপি সদস্য।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার সূত্র ধরে বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমান সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং নিজেও তিন সন্তানের বাবা।

গত ২৮ এপ্রিল সকালে স্থানীয় সিএনজিচালক ওসমান গনির স্ত্রী হাসনা আক্তার রুমিকে নিয়ে তিনি উধাও হন। পরে জানা যায়, নোটারির মাধ্যমে বিয়ে সেরে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় ভাড়া নেওয়া বাসায় সংসার পেতেছেন তারা।

স্বামী ওসমান গনি জানান, ২০১২ সাল থেকে চলা ১৪ বছরের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জীবিকার টানে বাইরে থাকার ফাঁকে মিজানুর তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ তার। পালানোর সময় ছোট মেয়েকেও সঙ্গে নিয়ে গেছেন হাসনা এবং বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকা ও সাড়ে তিন ভরি সোনার গহনাও নিয়ে গেছেন বলে দাবি করেন তিনি।

ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব বলেন, দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতির বিধান আইনে স্পষ্ট, তবে এখানে তা মানা হয়েছে কিনা তিনি নিশ্চিত নন। মিজানুরের ফোনে বারবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

মতামত দিন