সিন্ডিকেট ঠেকাতে বাজার তদারকির নির্দেশ,ডিসিদের 'মাঠের অ্যাম্বাসেডর' বললেন প্রধানমন্ত্রী।
রোববার (০৩ মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিসিরা মাঠ পর্যায়ের অ্যাম্বাসেডর — কেউ যেন সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সেটি নিশ্চিত করা তাদের দায়িত্ব।
কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি বলেন, কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পান এবং সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ সময়মতো পান — এই বিষয়গুলো সরাসরি নজরে রাখতে হবে। খাদ্যে ভেজাল রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশও দেন তিনি।
প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এআই ও ডিজিটাল যুগে জনপ্রশাসনের কাজ হতে হবে জবাবদিহিমূলক। মানুষ যেন সরকারি সেবা নিতে হয়রানির শিকার না হন এবং নাগরিকদের অভিযোগ যেন আমলে নেওয়া হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, নারী ও শিশু নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়েও কড়া নির্দেশনা দেন তিনি। জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

মতামত দিন