আবহাওয়া
ছবি: সংগৃহীত

৭ মে পর্যন্ত চলবে বৃষ্টি, হাওরজুড়ে ডুবছে কৃষকের স্বপ্ন।

নিজেস্ব প্রতিবেদক:

৭ মে পর্যন্ত বৃষ্টি চলবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই খবরে হাওরপাড়ের কৃষকদের মুখে চিন্তার ছায়া আরও গাঢ় হয়েছে।

হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওরে একের পর এক জমি তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় ধান কাটাই সম্ভব হয়নি, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে পানিতে নষ্ট হচ্ছে।

সবচেয়ে বেশি বিপদে মৌলভীবাজারের হাকালুকি ও কাউয়াদিঘি হাওরের কৃষকরা। সুনামগঞ্জে নতুন করে দুই হাজার হেক্টরের বেশি জমির ধান ডুবে গেছে। কিশোরগঞ্জের হাওরেও প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমি পানির নিচে। এর মধ্যে শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে — বেশি মজুরি দিয়েও ধান কাটার লোক মিলছে না বলে জানাচ্ছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নামা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে এবং আগাম বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে। বৃষ্টি দ্রুত না কমলে এই ক্ষতি আরও বড় আকার নেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন