তিন দিনে আরও ভয়াবহ হতে পারে উত্তর-পূর্বের বন্যা।
উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার (২ মে) জানিয়েছে, আগামী তিন দিন অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল নতুন করে ডুবে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। বিশেষ উদ্বেগের বিষয় হলো, তৃতীয় দিনে কুশিয়ারার কিছু পয়েন্টে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে, যা হাওর সংলগ্ন এলাকায় নতুন বন্যার জন্ম দিতে পারে।
নেত্রকোণার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদী আপাতত স্থিতিশীল থাকলেও ওই জেলার হাওরে বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও কিছুদিন চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি নেত্রকোণা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানিও বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে, যা ওই এলাকার নিচু জমিগুলো নতুন করে প্লাবিত করতে পারে।
মতামত দিন