ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষা,জানুয়ারিতে ভর্তি—নতুন ক্যালেন্ডারের পরিকল্পনা শিক্ষামন্ত্রীর।
শিক্ষার্থীদের সেশনজট চিরতরে দূর করতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রীর ভাষ্যমতে, ডিসেম্বরকে অ্যাকাডেমিক বছরের শেষ মাস হিসেবে নির্ধারণ করা হবে। সিলেবাস, কারিকুলাম, ক্লাস টেস্ট এবং বোর্ড পরীক্ষা সবকিছু ওই মাসের মধ্যেই সম্পন্ন হবে। ফল প্রকাশের পরপরই জানুয়ারিতে শিক্ষার্থীরা পরবর্তী স্তরে ভর্তি হতে পারবে। এই পদ্ধতিতে একজন শিক্ষার্থী ১৬ বছরে এসএসসি এবং ১৮ বছরে এইচএসসি পাস করে কোনো বিলম্ব ছাড়াই বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে।
নতুন কারিকুলাম কার্যকরের সময়সীমা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, কাজ এগিয়ে চললে ২০২৭ সাল থেকেই এটি চালু করা সম্ভব হতে পারে। তবে এর আগে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরিকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

মতামত দিন