অর্থনীতি
ছবি: সংগৃহীত

ছয় দিন পর ফের চালু বড়পুকুরিয়া, গ্রিডে যোগ হচ্ছে ৬০ মেগাওয়াট।

নিজেস্ব প্রতিবেদক:

বয়লারের পাইপ ফেটে যাওয়ায় গত ২৫ এপ্রিল বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট অবশেষে উৎপাদনে ফিরেছে। শুক্রবার (১ মে) রাত ১০টা থেকে ইউনিটটি আবার চালু হয় এবং জাতীয় গ্রিডে প্রতিদিন ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

এতে উত্তরাঞ্চলে লোডশেডিং কিছুটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ৫২৫ মেগাওয়াট মোট ক্ষমতার তিনটি ইউনিটের মধ্যে তৃতীয় ইউনিটের ওভারহোলিং কাজ এখনো চলছে। চলতি মাসের মাঝামাঝি সেটি চালু হলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে। এছাড়া পাঁচ বছর ধরে বন্ধ পড়ে থাকা ২ নম্বর ইউনিটটিও মেরামত করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আট জেলায় সেচসুবিধা নিশ্চিত করতে এবং পাশের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা কাজে লাগাতে ২০০৬ সালে কেন্দ্রটি যাত্রা শুরু করে। পরে ২০১৭ সালে তৃতীয় ইউনিট যুক্ত হলেও নানা ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই পুরোপুরি সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

মতামত দিন