শিগগিরই বাংলাদেশিদের জন্য খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা।
দীর্ঘ অচলাবস্থার পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা চালু হওয়ার আভাস মিলছে। ভারতের কেন্দ্রীয় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৬ মে থেকে এই ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি সরাসরি মোদির তত্ত্বাবধানে রয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদনের ওপরও অনেকটা নির্ভর করছে এই সিদ্ধান্ত।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফরে গিয়ে ভিসা স্বাভাবিকীকরণ নিয়ে একাধিক বৈঠক করেন। এই সম্ভাবনার খবরে কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশি পর্যটকদের ফিরে আসা মানেই তাদের ব্যবসায় প্রাণ ফেরার সম্ভাবনা।

মতামত দিন