অপরাধ
ছবি: সংগৃহীত

স্বর্ণের চেইনের লোভ দেখিয়ে অপহরণ মাদ্রাসাছাত্রী উদ্ধার, পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া ১৩ বছরের এক কিশোরীকে অবশেষে খুঁজে পেল পুলিশ। কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি ভাড়া বাসায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

ধরা পড়েছেন পাচার চক্রের মূলহোতা তানজিমা তাবাচ্ছুম শিমা।

চকরিয়ার সাহারবিল গ্রামের প্রবাসী শাহ আলমের মেয়ে জান্নাতুল নাঈম স্থানীয় মিজবাউল উলুম মাদ্রাসায় পড়ত। গত ২৮ এপ্রিল ক্লাসে যাওয়ার পথে সে আর ফেরেনি। সমুদ্র সৈকতে ঘুরতে নেওয়া আর গলায় সোনার চেইন পরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পথ থেকে সরিয়ে নিয়েছিল শিমা ও তার দলবল। পরিবার সারাদিন খুঁজেও না পেয়ে পরদিন থানায় জিডি করেন।

পরিবারের সন্দেহের আঙুল উঠলে পর্যটন এলাকা থেকে শিমাকে আটক করে পুলিশ। শুরুতে সব অস্বীকার করলেও টানা জিজ্ঞাসাবাদে মুখ খুলতে বাধ্য হন তিনি। তার স্বীকারোক্তি ধরে কলাতলী লাইট হাউস পাড়ার বাসায় হানা দিয়ে জান্নাতুলকে জীবিত পাওয়া যায়। তবে অভিযানের আঁচ পেয়ে সহযোগী দুই রাখাইন নারী সটকে পড়তে সক্ষম হয়।

তদন্তকারীরা জানাচ্ছেন, এই চক্র বিশেষভাবে গরিব ঘরের কিশোরীদের টার্গেট করে। বন্ধুত্বের আড়ালে বিশ্বাস অর্জন করে তাদের ফাঁদে ফেলা হয়, এরপর যৌন শোষণের উদ্দেশ্যে পাচার করা হয়। মামলা হয়েছে মানবপাচার প্রতিরোধ আইনে। চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, পলাতকদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তার শিমাকে শিগগিরই আদালতে হাজির করা হবে।

মতামত দিন