আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ২১ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের বাতু পাহাত এলাকায় একটি নির্মাণাধীন প্রকল্পে অভিযান চালিয়ে ২১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। 'অপস সাপু' নামের এই অভিযানে আটকদের মধ্যে ১৭ জন ইন্দোনেশিয়ার এবং চারজন বাংলাদেশের নাগরিক।

আটকদের মধ্যে তিনজন নারীও রয়েছেন এবং বয়সের দিক থেকে তারা ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সবাই নিজ নিজ কক্ষে বিশ্রামরত ছিলেন। হঠাৎ তল্লাশিতে কেউ কেউ পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জোহর অভিবাসন পরিচালক রুসদি মো. দারুস জানান, প্রাথমিক যাচাইয়ে কারও কাছেই বৈধ ভ্রমণ দলিল পাওয়া যায়নি এবং অনেকে নির্ধারিত মেয়াদের বাইরেও অবস্থান করছিলেন।

আটক সবাইকে এখন সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনে তদন্ত চলছে। একইসঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগদাতা প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন