ইতালিতে ছোট ভাইকে খুন, ভিডিও কলে পরিবারকে মরদেহ দেখালেন বড় ভাই।
ইতালিপ্রবাসী দুই বাংলাদেশি ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ শেষ পর্যন্ত রক্তপাতে গড়াল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ছোট ভাই নয়ন ফকিরকে।
দুই ভাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের সন্তান। হুমায়ুন প্রায় ১২ বছর আগে প্রথমে লিবিয়া এবং পরে ইতালিতে পাড়ি জমান। ২০২৩ সালে বড় ভাইয়ের সহযোগিতায় নয়নও ইতালি যান। নিহতের এক বন্ধু জানান, হুমায়ুনের দুটি বিয়ে রয়েছে এবং ওইদিনই তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। নয়ন এই তালাকের বিরোধিতা করায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল, যা শেষমেশ এই মর্মান্তিক পরিণতিতে রূপ নেয়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু জানান, পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হয়েছেন বলে তাকে অবহিত করা হয়েছে।
মতামত দিন