জাতীয়
ছবি: সংগৃহীত

আজ মহান মে দিবস।

নিজেস্ব প্রতিবেদক:

প্রতি বছরের মতো এবারও বিশ্বের ৮০টিরও বেশি দেশে সরকারি ছুটির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের স্মৃতিবাহী এই দিনটিকে বাংলাদেশও রাষ্ট্রীয় মর্যাদায় পালন করছে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — 'সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত'।

দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ সমাবেশে লক্ষাধিক শ্রমজীবী মানুষের সমাগম প্রত্যাশা করছে দলটি।

মে দিবসের শিকড় প্রোথিত আছে ১৮৮৬ সালের শিকাগোতে। শিল্প বিপ্লবের পর শ্রমিকদের দৈনিক ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত খাটানো হতো। এর বিরুদ্ধে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সেই বছরের ১ মে যুক্তরাষ্ট্রজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কেন্দ্র ছিল শিকাগো শহর। ৪ মে হে মার্কেটে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে প্রাণ যায় বেশ কয়েকজনের। পরে বিতর্কিত বিচারে কয়েকজন শ্রমিক নেতার ফাঁসি বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয়। সেই আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস ঘোষণা করা হয়, যা আজও বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের প্রতীক হয়ে বেঁচে আছে।

মতামত দিন