ঢাকায় ভোরের বৃষ্টিতে তলিয়ে গেল রাজপথ।
আজ শুক্রবার ভোর পাঁচটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত একটানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বড় একটি অংশ পানির নিচে ডুবে যায়। মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, সায়েদাবাদ থেকে শুরু করে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, ফার্মগেট-তেজগাঁও এলাকাসহ নগরীর প্রায় সর্বত্র কয়েক ফুট পর্যন্ত পানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে সকাল থেকেই যানবাহন চলেছে ধীরগতিতে, পথচারীদের চলাচলও ছিল তুলনামূলকভাবে কম। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানজটের চাপ কিছুটা কম ছিল, ফলে ভোগান্তি একটু সীমিত থেকেছে। সময়ের সাথে পানি নামতে শুরু করলেও সকাল আটটার পরেও অনেক সড়কে জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, ভোর থেকেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন এবং শিগগিরই সব সড়ক থেকে পানি নেমে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উল্লেখ্য, গত রোববার থেকে বৃষ্টি শুরু হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে এসেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

মতামত দিন