পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ব্যর্থ হয়েছে—এমন দাবি তুলে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে ‘নতুন পরিস্থিতির’ সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, টানা দুই মাসের সামরিক উত্তেজনা ও মার্কিন আগ্রাসনের পর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ বদলে গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় খামেনি আরও স্পষ্ট করে জানান, দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তারা জাতীয় সম্পদ হিসেবে দেখে। যেভাবে দেশের ভূখণ্ড, আকাশ ও জলসীমা রক্ষা করা হয়, ঠিক তেমনি দৃঢ় অবস্থান নিয়ে এই সক্ষমতাও সুরক্ষিত রাখা হবে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার প্রচেষ্টার প্রেক্ষাপটেই এই বার্তা এসেছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন খামেনি। তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও তাদের উপস্থিতিই নিরাপত্তা সংকটের মূল উৎস।
একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও ইঙ্গিত করে বলেন, যেসব ঘাঁটি নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারে না, তারা অন্যদের নিরাপত্তা দেবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।

মতামত দিন