রাত ১২টার মধ্যে দুই বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়।
দেশের দুইটি বিভাগে আজ সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন এক আবহাওয়াবিদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে তিনি উল্লেখ করেন, ভারতের ঝাড়খণ্ড এলাকায় বিকেল ৩টার দিকে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে, যা বাংলাদেশে প্রবেশ করতে পারে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে। প্রাথমিকভাবে ঝড়টির অগ্রভাগ খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে দেশে ঢোকার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, ঝড়টি ধাপে ধাপে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও বিস্তৃত হয়ে রাত ১২টার পর থেকে ভোর পর্যন্ত দেশের প্রায় সব জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
মতামত দিন