ইসলামের আলো
ছবি: সংগৃহীত

হজ স্বাস্থ্য নীতিতে কড়াকড়ি, ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র হজকে সামনে রেখে হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু নির্দিষ্ট জটিল ও দীর্ঘস্থায়ী শারীরিক অবস্থায় এবার হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

কর্তৃপক্ষ বলছে, হজের সময় অতিরিক্ত শারীরিক চাপ ও জনসমাগমের কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপদভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী যেসব ক্ষেত্রে হজের অনুমতি মিলবে না তার মধ্যে রয়েছে—কিডনির গুরুতর সমস্যা বা ডায়ালাইসিস প্রয়োজন, হার্ট ফেইলিউরসহ জটিল হৃদরোগ, লিভার সিরোসিস, জটিল মানসিক রোগ বা ডিমেনশিয়া, অতিরিক্ত বার্ধক্যজনিত দুর্বলতা এবং গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকা নারী।

এছাড়া টিকাদানের ক্ষেত্রেও কঠোরতা আরোপ করা হয়েছে। সব হজযাত্রীর জন্য মেনিনোকোক্কাল মেনিনজাইটিস ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা হজের অন্তত ১০ দিন আগে নিতে হবে।

ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মধ্যে থাকা বয়স্ক, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য কোভিড-১৯ ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকার আপডেট ডোজ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়ানোই এই নতুন বিধিনিষেধের মূল উদ্দেশ্য। 

সূত্র: গালফ নিউজ

মতামত দিন