আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথের নাম পরিবর্তন করে তিনি ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে উল্লেখ করে একটি পরিবর্তিত মানচিত্র প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কোনো ধরনের ব্যাখ্যা বা ক্যাপশন ছাড়াই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ছবিটি পোস্ট করেন তিনি।

এর আগে মার্চের শেষ দিকে এক ভাষণে তিনি প্রথমবার ‘ট্রাম্প স্ট্রেইট’ নামটি ব্যবহার করেন। বিষয়টি তখন অনেকেই কৌতুক হিসেবে দেখলেও ট্রাম্প পরে বলেন, এ নিয়ে সমালোচনা হলেও তিনি ভুল করছেন না।

আন্তর্জাতিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ চলাচল করে। ফলে এই রুটকে ঘিরে চলমান সংকট বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।

এদিকে মার্কিন নৌ-অবরোধ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সংঘাত নিরসনে ইরানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

ইরানের ওই প্রস্তাবে বলা হয়েছিল, হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে যুদ্ধ পরিস্থিতি কমিয়ে আনা সম্ভব হবে এবং পারমাণবিক ইস্যুতে পরবর্তী সময়ে আলোচনা করা যেতে পারে।

তবে ট্রাম্প প্রশাসনের অবস্থান কঠোর। তাদের দাবি, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের শর্ত মানতে হবে, তবেই কোনো ধরনের সমঝোতা সম্ভব।

পরিস্থিতি আরও জটিল হওয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘সীমিত ও শক্তিশালী’ সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করেছে বলে জানা গেছে। লক্ষ্য হিসেবে তেহরানকে আলোচনায় আনাই যুক্তরাষ্ট্রের কৌশল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র- এনডিটিভি

মতামত দিন