৮ বছর পর নেছারাবাদে হত্যা ও মরদেহ গুম মামলায় মা-ছেলের কারাদণ্ড।
পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে এক মোটরসাইকেল চালককে হত্যার পর মরদেহ গুমের ঘটনায় মা ও ছেলেকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায়ে ছেলেকে যাবজ্জীবন এবং তার মাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে মা রেহানা বেগম আদালতে উপস্থিত থাকলেও ছেলে মো. তাজিম ছিলেন পলাতক।
মামলার বিবরণে জানা যায়, মোটরসাইকেল কেনাবেচা নিয়ে নিহত মিলন বাহাদুরের সঙ্গে তাজিমের বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরে ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে বয়ারহুলা মোটরসাইকেল স্ট্যান্ড থেকে তাকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।
পরিবারের খোঁজাখুঁজির এক পর্যায়ে ১২ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ১৪ ফেব্রুয়ারি তাজিমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডের পর মরদেহ গুমে তাজিমকে সহযোগিতা করেন তার মা রেহানা বেগম।
এ ঘটনায় শুরুতে পাঁচজনকে আসামি করা হলেও তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। রায়ের সময় আদালত দুই আসামিকে খালাস দেন।
রায়ে তাজিমকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং রেহানা বেগমকে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মতামত দিন