আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানগামী বাণিজ্যে নতুন করিডোর খুলল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

আঞ্চলিক বাণিজ্য সচল করা এবং করাচি বন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা কন্টেইনারের চাপ কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইরানগামী পণ্যের জন্য দেশটি ছয়টি স্থলপথ উন্মুক্ত করেছে, যা কার্যকর হয়েছে গত ২৫ এপ্রিল জারি করা সরকারি আদেশের মাধ্যমে।

‘পাকিস্তান ভূখণ্ডের মধ্য দিয়ে পণ্য ট্রানজিট আদেশ ২০২৬’ নামের এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের সড়কপথ ব্যবহার করে সহজেই ইরানে পৌঁছাতে পারবে। এ উদ্যোগের ফলে একটি পূর্ণাঙ্গ সড়ক করিডোরও আনুষ্ঠানিকভাবে চালু হলো।

মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও ইরানি বন্দর ঘিরে অবরোধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে জটিলতা তৈরি হয়। এর প্রভাব পড়ে করাচি বন্দরে, যেখানে হাজার হাজার কন্টেইনার আটকে পড়ে। সেই চাপ সামাল দিতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

নতুন খোলা ছয়টি রুট করাচি, পোর্ট কাসিম ও গোয়াদর বন্দরকে ইরানের গাব্দ ও তাফতান সীমান্ত ক্রসিংয়ের সঙ্গে যুক্ত করেছে। বিশেষ করে গোয়াদর–গাব্দ করিডোরে সময় কমে আসবে উল্লেখযোগ্যভাবে। আগে যেখানে সীমান্তে পৌঁছাতে ১৬ থেকে ১৮ ঘণ্টা লাগত, এখন তা ২ থেকে ৩ ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে।

পরিবহন ব্যয়েও বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এই রুট ব্যবহারে খরচ প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এই উদ্যোগকে আঞ্চলিক বাণিজ্য প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

তবে নতুন এই ট্রানজিট সুবিধা ভারতের জন্য প্রযোজ্য নয়। ২০২৫ সালের মে মাসে ভারত–পাকিস্তান উত্তেজনার পর জারি থাকা নিষেধাজ্ঞা অনুযায়ী, পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন এখনো সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন