জাতীয়
ছবি: সংগৃহীত

ডেমরার প্যাকেজিং কারখানার আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, আহত ১ শ্রমিক।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরায় একটি প্যাকেজিং কারখানায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন সংস্থাটির মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

এর আগে সকাল ১১টা ৩৮ মিনিটে ডেমরার ইমোরটোফ্লেক্স নামে চিপস ও চানাচুর প্যাকেট তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

পরবর্তীতে আগুনের বিস্তার বাড়তে থাকায় আরও ছয়টি ইউনিট যুক্ত হয়ে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ ঘটনায় কারখানার শ্রমিক সুজন (প্রায় ৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, আহত শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন