অপরাধ
ছবি: সংগৃহীত

অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগে গাজীপুরে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও অর্থ আদায়ের অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক আদেশে অভিযুক্ত তিনজনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন— কোনাবাড়ি থানার এএসআই আজিজুল হক, কনস্টেবল নাজমুল হোসেন ও মামুন হোসেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের অভিযোগ অনুযায়ী, গত সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি চৌরাস্তা এলাকায় যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেয়।

অভিযোগে বলা হয়, তাকে বাইমাইল হরিণচালা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও অর্থ আদায় করা হয়।

এছাড়া একই ঘটনায় আরও একজন যুবককেও আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, পরে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আরও টাকা আদায় করা হয় এবং ঘটনাটি কাউকে জানালে ক্ষতির হুমকিও দেওয়া হয়।

অভিযোগের পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে এবং রাতেই তদন্ত শুরু হয়। পরে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলে ঘটনাটি আরও গুরুত্ব পায়।

ঘটনার সত্যতা নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন