সিদ্ধিরগঞ্জের দুই মামলায় জামিন পেলেন আইভী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে করা দুটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম হৃদয়।
মামলার নথি অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যার অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত বছরের ৯ মে গভীর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও পরে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
পরে আবারও নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলে আইনি লড়াই অব্যাহত রাখেন তিনি। সর্বশেষ এই দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় তার আইনগত অবস্থানে নতুন মোড় তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন