আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাতেই কালবৈশাখীর শঙ্কা, ১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলমান অস্থির আবহাওয়ার মধ্যে বুধবার রাতেই একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ১১টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাত ১টার মধ্যে রংপুর থেকে শুরু করে সিলেট ও উপকূলীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও একই সময়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। সেসব অঞ্চলের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সাম্প্রতিক বৃষ্টিপাতের চিত্রও বেশ তীব্র। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি ভোলা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

মতামত দিন