আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ।

নিজেস্ব প্রতিবেদক:


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর ইরানের আরোপিত টোল দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ। এই অবস্থান জানিয়েছে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে মঙ্গলবার জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সদস্য দেশগুলো এ ধরনের পদক্ষেপ মেনে নেবে না বলেও স্পষ্ট জানানো হয়।

জিসিসির সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—সবগুলো দেশই এ সিদ্ধান্তে একমত হয়েছে। তারা আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগ স্থাপন করে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই পথ দিয়ে বৈশ্বিক জ্বালানির উল্লেখযোগ্য অংশ পরিবহন হয়, ফলে এর স্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরান প্রথমে এই নৌপথে জাহাজ চলাচল সীমিত করার ঘোষণা দেয়। পরবর্তীতে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দিলেও প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার টোল এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতির বাধ্যবাধকতা আরোপ করে তেহরান।

এই নতুন শর্তই এখন প্রত্যাখ্যান করেছে জিসিসিভুক্ত দেশগুলো।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

মতামত দিন