অপরাধ
ছবি: সংগৃহীত

কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ।

নিজেস্ব প্রতিবেদক:

সাতক্ষীরা থেকে চট্টগ্রামে পাচারের সময় কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব আম ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। ওই সময় কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে প্রায় ৩৫১ ক্যারেট, মোট প্রায় ৯ হাজার কেজি আম পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়ীরা অপরিপক্ব আমে ক্ষতিকর কার্বাইড ব্যবহার করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

পুলিশ জানায়, এসব আম মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বুধবার দুপুরে সাতক্ষীরার বিনেরপোতা এলাকার পৌরসভার বর্জ্য ফেলার স্থানে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ধরনের ভেজালবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

মতামত দিন