অপরাধ
ছবি: সংগৃহীত

র‍্যাব পরিচয়ে ব্যবসায়ী অপহরণ,৬৫ লাখ টাকা লুটের অভিযোগ; সাবেক পুলিশসহ কয়েকজন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে র‍্যাব সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে বড় অঙ্কের অর্থ লুটের ঘটনায় সাবেক এক পুলিশ সদস্যসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার শিকার সালমান মাহবুব জয় চকবাজারের কসমেটিকস ব্যবসায়ী।

তিনি জানান, গত ২৫ এপ্রিল টাকা বিনিময়ের কাজে মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জে যান। পরে ভালো রেট না পেয়ে মেট্রোরেলে উত্তরা এলাকায় চলে যান।

আজমপুরের দিকে যাওয়ার পথে ২ নম্বর ব্রিজ এলাকায় একটি অটোরিকশায় থাকা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার পথ আটকে দেয়। তারা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশির কথা বলে।

পরিস্থিতি বুঝে সন্দেহ হলে তিনি সরে যেতে চাইলে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। ওই সময় তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ও বিদেশি মুদ্রা ছিল বলে তিনি জানান।

অপহরণের পর তাকে চোখ বেঁধে মারধর করা হয় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পরে পূর্বাচল এলাকায় নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের সহায়তায় পরে তিনি উদ্ধার হন।

ঘটনার পর ভুক্তভোগী তুরাগ থানায় মামলা করেন, যা পরে ডিবিতে স্থানান্তর করা হয়।

তদন্তে নামার পর পুলিশ সাবেক কনস্টেবল গোলাম মোস্তফা ওরফে শাহিনসহ চক্রের কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, শাহিন আগেও অর্থ লুটের ঘটনায় জড়িত ছিলেন এবং সম্প্রতি জামিনে বের হয়ে আবার একই ধরনের অপরাধে জড়ান।

চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

মতামত দিন