অপরাধ
ছবি: সংগৃহীত

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনি (৩৩)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয় এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। আসামির উপস্থিতিতেই রায়টি দেওয়া হয়।

রায়ের পর নিহত অদিতার পরিবার ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাড়ি থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে।

ঘটনার পরদিনই পুলিশ সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে তিনি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

নিহতের পরিবার জানায়, অদিতা তার কাছে পড়া বন্ধ করে অন্য কোচিংয়ে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে তিনি সেখানে প্রবেশ করেন এবং পরবর্তীতে এই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ ওঠে।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর এলাকাজুড়ে স্বস্তি ও প্রতিক্রিয়ার মিশ্র অনুভূতি দেখা যায়।

মতামত দিন