ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ নারী প্রধান পেলেন সহায়তা।
নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়ানো এবং নিম্ন আয়ের পরিবারকে সহায়তা দেওয়ার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারী প্রধানদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বর্তমানে ৩৭ হাজার ৮১৪টি পরিবার এই সুবিধার আওতায় রয়েছে, যেখানে প্রত্যেক নারী প্রধান মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের মূল অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। এ লক্ষ্য বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
তিনি জানান, এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ভলনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি, মা ও শিশু সহায়তা কর্মসূচি, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ, এবং জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনের সুযোগ সৃষ্টি।
নারী নির্যাতন প্রতিরোধে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, জাতীয় হেল্পলাইন, ডিএনএ ল্যাব, ট্রমা কাউন্সেলিং সেন্টারসহ নানা সেবা কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণ, উপকারভোগী ও আর্থিক সুবিধা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি নারীদের জন্য প্রশিক্ষণ, জীবিকা সহায়তা ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিও বাড়ানো হচ্ছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে এই সহায়তা দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে।
শিশুদের কল্যাণে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিশু একাডেমি, পথশিশু পুনর্বাসন, দিবাযত্ন কেন্দ্র এবং ডে-কেয়ার সেবার মাধ্যমে শিশুদের শিক্ষা ও বিকাশ নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণ, প্রশিক্ষণ ও জীবিকা সহায়তা কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
সবশেষে তিনি বলেন, নারী ও শিশুদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

মতামত দিন