পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১৪ ফিলিস্তিনি আটক।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে একদিনে অন্তত ১৪ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। একই সময়ে একাধিক এলাকায় চলাচলের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হেবরনের বেইত উম্মার এলাকায় পৃথক অভিযানে আটজনকে আটক করা হয়। এর আগে তুলকারেমের পূর্বাঞ্চলীয় ইকতাবা এলাকায় ভোরের দিকে বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন সাবেক বন্দি ছিলেন। কালকিলিয়ার কাফর কাদ্দুম শহরে আরও চারজনকে আটক করা হয়, যাদের মধ্যে একই পরিবারের সদস্যও রয়েছে।
অন্যদিকে, উত্তেজনা বাড়ার মধ্যে পশ্চিম তীরজুড়ে চলাচলে কড়াকড়ি জারি করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লার উত্তরে আতারা ও আইন সিনিয়া চেকপয়েন্টে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। একই সময় সড়কে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই পরিস্থিতিতে একাধিক প্রধান সড়কে শত শত যানবাহন আটকে পড়ে। সিলওয়াদ ও দেইর জারির এলাকার প্রবেশপথও দুই দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মতামত দিন