সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাঈম উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা সকালে বিলের পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে নাঈমের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে তার মৃত্যুর খবর শুনে স্বজনরা ভেঙে পড়েন।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন