অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে উত্তেজনা, টানা বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের বন্দর কার্যক্রম ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর অবস্থানের খবরে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল রপ্তানি সীমিত করতে বন্দরগামী জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ওয়াশিংটন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে ব্রেন্ট ক্রুডের জুন ডেলিভারির দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১১.৭৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৫২ সেন্ট বেশি। একইভাবে জুলাই ডেলিভারির চুক্তিতেও দাম বেড়ে ১০৪.৮৪ ডলারে পৌঁছেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। জুন ফিউচারের দাম ৫৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০০.৫০ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

মতামত দিন