জাতীয়
ছবি: সংগৃহীত

প্রাথমিক স্কুল থেকেই শুরু হবে নতুন পাইলট প্রকল্প: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সহায়তায় নতুন কর্মসূচি নিতে যাচ্ছে সরকার। প্রথম শ্রেণির শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার উদ্যোগ শুরু হচ্ছে পরীক্ষামূলকভাবে।

বুধবার (২৯ এপ্রিল) সংশ্লিষ্টরা জানান, আগামী জুলাই মাস থেকে এই পাইলট প্রকল্প চালু করা হবে। প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে ধাপে ধাপে এটি দেশের সব স্কুল ও মাদ্রাসায় সম্প্রসারণ করা হবে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি ব্যবসায়ী মহলের প্রতিনিধিরাও অংশ নেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীকে ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে। এসব উপকরণ সরবরাহে সহযোগিতা করবে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা মূল্যায়ন করে পরবর্তীতে সারা দেশে এই কর্মসূচি বিস্তারের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে প্রাথমিক শিক্ষায় উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়া কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।

মতামত দিন