টানা বৃষ্টিতে ৫ জেলায় বন্যার আশঙ্কা।
দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আরও কিছু এলাকায় ঝুঁকি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকে বন্যা শুরু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে সংস্থাটির উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কারণ এসব অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ভুগাই কংস, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বেড়ে নেত্রকোনার বিভিন্ন এলাকায় ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার বিস্তার বাড়তে পারে। তবে বৃষ্টি কমে এলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মতামত দিন