দেশীয় প্রযুক্তিতে ফাতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ পাকিস্তানের।
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতেহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সামরিক সক্ষমতা যাচাই ও আধুনিকীকরণের অংশ হিসেবে এ পরীক্ষা পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সামরিক জনসংযোগ সংস্থা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। খবর জিও নিউজের।
আইএসপিআর জানায়, উন্নত অ্যাভিওনিকস ও আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি সংবলিত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে সেনাদের প্রশিক্ষণ দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং লক্ষ্যভেদ নির্ভুলতা যাচাই করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন উপ-ব্যবস্থার কার্যকারিতাও মূল্যায়ন করা হয়।
উৎক্ষেপণ কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি রকেট ফোর্স কমান্ডসহ পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় সংশ্লিষ্ট খাতের বিজ্ঞানী ও প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ফাতেহ সিরিজের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে। এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের শীর্ষ সামরিক ও বেসামরিক নেতৃত্ব।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতেহ-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এছাড়া গত বছরের মে মাসে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ফাতেহ সিরিজের আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সম্পন্ন করা হয়।
মতামত দিন