৯৬ ঘণ্টায় ভারী বৃষ্টির শঙ্কা, কালবৈশাখী ঝড়ের সতর্কতা সারা দেশে।
দেশজুড়ে আগামী চার দিনে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কবার্তা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। ঢাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও প্রতিদিনই বৃষ্টিপাত হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝড়ের প্রবণতা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় বয়ে যেতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আজ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল বুধবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

মতামত দিন