জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশে বাড়ছে ১৪ হাজার ৫০০ পদ, শক্তিশালী হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিজেস্ব প্রতিবেদক:

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে বড় পরিসরে জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রস্তাবিত নতুন পদের মধ্যে রয়েছে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার নিরস্ত্র এসআই এবং ১০ হাজার কনস্টেবল। বর্তমানে পুলিশ বাহিনীতে মোট অনুমোদিত পদ ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশি পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংয়ের আওতায় রয়েছে ২ হাজার ৭৬২টি পদ।

তিনি আরও বলেন, বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে ইতোমধ্যে ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার এএসআই নিয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

একই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে দেশের অপরাধ পরিস্থিতির চিত্রও তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের সময়কালে ৪৬৪টি হত্যা ও ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৬০৪ জন হত্যা মামলার আসামি এবং ৬৬৬ জন ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে বিচারাধীন অবস্থায় হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে রয়েছেন।

গুরুতর অপরাধ দমনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত চার্জশিট দাখিলের লক্ষ্যে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ অব্যাহত রয়েছে।

মতামত দিন