জাতীয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর এক নির্দেশেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক সম্প্রসারণ প্রকল্পে পরিবেশ রক্ষায় এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত উন্নয়নকাজে রাস্তার দুই পাশের গাছ কেটে ফেলার নজির থাকলেও এবার প্রায় তিন হাজার গাছ না কেটেই চার লেন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশে কাজ চলমান রয়েছে। শুরুতেই তিন হাজার গাছ কাটার আশঙ্কা প্রকাশ পেলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাছ না কেটে সড়ক সম্প্রসারণের নির্দেশ দেন বলে জানা গেছে। নির্দেশনার পর সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষ প্রকল্প এলাইনমেন্ট সামান্য পরিবর্তন করে গাছগুলো সংরক্ষণ করেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

গত ২১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবীব সরেজমিন পরিদর্শনে গিয়ে গাছ না কেটে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী জানান, নকশায় সামান্য পরিবর্তন এনে পরিবেশ রক্ষা করেই সড়ক সম্প্রসারণের কাজ চলমান রাখা হয়েছে। পাশাপাশি পুরো মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন ও পর্যটকবান্ধব করতে নতুন করে বৃক্ষরোপণের উদ্যোগও নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ও ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ চলছে। এতে রাস্তা প্রশস্তকরণ, সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল, ব্লক স্থাপন ও ইউটিলিটি স্থানান্তরের মতো কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

মতামত দিন