হরমুজ নিয়ন্ত্রণে ইরানের অধিকার রয়েছে: দাবি রাশিয়ার।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানকে সমর্থন জানিয়ে রাশিয়ার পক্ষ থেকে নতুন মন্তব্য এসেছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, নিরাপত্তা পরিস্থিতির কারণে যান চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি ইরানের ওপর দায় চাপানোর প্রচেষ্টার সমালোচনা করেন। তার মতে, কোনো দেশ যুদ্ধ বা নিরাপত্তা সংকটে পড়লে নিজস্ব জলসীমায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করতে পারে।
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি তাদের “ভণ্ডামি” ও “জলদস্যুতা”র অভিযোগ তোলেন। একই সঙ্গে কৃষ্ণসাগরে রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার একটি বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন।
পুতিন বলেন, ইরান কঠিন সময় পার করছে, তবে দেশটি পরিস্থিতি সামলে ভবিষ্যতে শান্তির পথে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতামত দিন