আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান নৌ-যান।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ার একটি বিলাসবহুল সুপারইয়ট। এই নৌযানটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪২ মিটার (৪৬৫ ফুট) দীর্ঘ এই সুপারইয়ট ‘নর্ড’ নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ ধনকুবের আলেক্সেই মর্দাশভের সঙ্গে যুক্ত। জাহাজটি সম্প্রতি দুবাই থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশে যাত্রা করে।

সাম্প্রতিক সময়ে ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করা অল্প কিছু বেসরকারি জাহাজের মধ্যে এটি একটি।

যদিও আলেক্সেই মর্দাশভকে সরাসরি এই সুপারইয়টের আনুষ্ঠানিক মালিক হিসেবে দেখানো হয়নি, তবে নর্ডের নথিতে দেখা যায়, ২০২২ সালে এটি তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেরিন ট্র্যাফিক প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ কোটি ডলারের বেশি মূল্যের এই নৌযান শুক্রবার রাতে দুবাই ছাড়ে এবং রোববার সকালে ওমানের রাজধানীর আল মুজ এলাকায় নোঙর করে।

বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছে ইরান।

মতামত দিন