আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা উদ্ধার, ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

কলম্বো বিমানবন্দরে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ১১০ কেজি গাঁজা জব্দ করেছে শ্রীলঙ্কার কাস্টমস। একই ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট কলম্বো পৌঁছানোর পর যাত্রীদের লাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় প্রতিটি ভিক্ষুর ব্যাগ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকগুলো লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশে লুকানো ছিল।

আটকরা বিভিন্ন মঠের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা একটি চার দিনের সফরের অংশ হিসেবে থাইল্যান্ডে গিয়েছিলেন, যার খরচ বহন করেছিলেন অজ্ঞাত এক দাতা। পরবর্তীতে এই সফরের আয়োজনের অভিযোগে কলম্বোর উপশহর থেকে আরও একজন ভিক্ষুকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, ওই ভিক্ষুই পুরো ভ্রমণ পরিকল্পনা করেছিলেন। তিনি অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হচ্ছে এবং সেগুলো সংগ্রহ করতে একটি ভ্যান আসবে।

এদিকে পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো বলছে, আটক কয়েকজনের মোবাইল ফোনে থাইল্যান্ডে তাদের সাধারণ পোশাকে অবকাশযাপনের ছবি ও ভিডিও পাওয়া গেছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, লাগেজে রাখা মাদকগুলো স্কুলের সরঞ্জাম ও মিষ্টির ভেতরে কৌশলে লুকানো ছিল। তবে আটক ভিক্ষুরা বিষয়টি আগে থেকে জানতেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি শ্রীলঙ্কায় বিমানবন্দর দিয়ে মাদক পাচারের ক্ষেত্রে ভিক্ষুদের জড়িত থাকার অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন