মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহিনীটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে।
তিনি জানান, কোস্ট গার্ডকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাহিনীতে ১০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বাহিনীটি আরও সক্ষম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্ট গার্ড প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি জনগণের আস্থার একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধ, মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যু দমন এবং পরিবেশ সুরক্ষায় তারা প্রশংসনীয় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কার্যকর ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, নদীপথে চোরাচালান ও দস্যুতা দমনে বাহিনীটি সফলভাবে কাজ করছে। একইসঙ্গে দেশের মৎস্য সম্পদ রক্ষায় তারা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি জানান, গত এক বছরে নদীপথে কয়েকশ কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করা হয়েছে। তবে এখনো জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। প্রয়োজনীয় জনবল পূরণ করা গেলে নদীপথসহ দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।
মতামত দিন