অর্থনীতি
ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ থেকে শুরু হচ্ছে ইউরেনিয়াম জ্বালানি লোডিং ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে।

এর মাধ্যমে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে চূড়ান্ত ধাপে পৌঁছে গেল প্রকল্পটি।

সরকারি সূত্র জানায়, এই ধাপ সফলভাবে শেষ হলে চুল্লিতে উৎপন্ন তাপ থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ধাপে ধাপে পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, আগামী আগস্টের দিকে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। পুরো প্রকল্পটি পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে সময় লাগতে পারে প্রায় ১০ মাস।

এই কার্যক্রমকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম-এর প্রধান আলেক্সি লিখাচেভের। পাশাপাশি ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

১,২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। এটি দেশের সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচিত।

সরকারি পর্যায়ে ধারণা করা হচ্ছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ থেকে ১২ শতাংশ পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

প্রকল্পটির ইতিহাস কয়েক দশক পুরনো হলেও স্বাধীনতার পর ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে এটি বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়, যা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

মতামত দিন