আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে নতুন কৌশল নিচ্ছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কৌশল নিচ্ছে ইরান। প্রণালিটির ওপর সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, প্রণালিটি ইতোমধ্যে সামরিক তত্ত্বাবধানে থাকলেও এখন সেটিকে আইনি কাঠামোর মধ্যে এনে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে নিতে চায় তেহরান। প্রস্তাবিত আইনে ‘শত্রু’ হিসেবে বিবেচিত জাহাজের চলাচল বন্ধ করার ক্ষমতাও থাকবে সেনাবাহিনীর হাতে।

শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক দিকেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। আজিজির ভাষ্য অনুযায়ী, প্রণালি ব্যবহার থেকে যে রাজস্ব আসবে, তা বিদেশি মুদ্রার বদলে দেশের নিজস্ব মুদ্রায় গ্রহণের পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত দিয়েছেন আব্বাস আরাগচি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ-এ তিনি দাবি করেন, আরও আলোচনা চালাতে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে।

তিনি বলেন, চলমান সংঘাতে ওয়াশিংটন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেই আবার আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে এ প্রস্তাবে সাড়া দেওয়া হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান।

একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরে আরাগচি বলেন, শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েও ইরান টিকে আছে এবং এ যুদ্ধে তারা মিত্রদের সমর্থন পেয়েছে। বিশেষ করে রাশিয়া-এর সহযোগিতার কথাও উল্লেখ করে কৃতজ্ঞতা জানান তিনি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

মতামত দিন