আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের দাম বাড়ল তেলের।
আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে অপরিশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৮ ডলার ৬৮ সেন্টে। দিনের হিসেবে এটি ৪৫ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি। এর আগে টানা কয়েকদিন ধরেই এই সূচকে ধারাবাহিক ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডও পিছিয়ে নেই। জুনের ডেলিভারির জন্য এর দাম উঠে যায় ৯৬ ডলার ৯৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৫৮ সেন্ট বেশি। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ায় এই উত্থান অব্যাহত রয়েছে।
পরিস্থিতিকে আরও জটিল করেছে ওয়াশিংটনের অবস্থান। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ইরান ইস্যুতে আলোচনাকে প্রকাশ্যে আনতে আগ্রহী নয়। বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে জানানো হয়, এ ধরনের দরকষাকষি গণমাধ্যমের মাধ্যমে চালানো হবে না।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে—যেকোনো সমঝোতায় পৌঁছাতে হলে জাতীয় স্বার্থ এবং ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অগ্রগতি না হলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন