জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট।
দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ আসা শুরু হয়েছে। দ্বিতীয় ইউনিট চালু হওয়ায় জাতীয় গ্রিডে এখন প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়। এর পর থেকেই ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে বর্তমানে এই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদন আরও বাড়ানো হবে। এতে সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি লোডশেডিং কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।
শুধু আদানি নয়, আরও কিছু উৎস থেকেও বাড়তি বিদ্যুৎ পাওয়ার প্রস্তুতি রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল প্রকল্প থেকেও অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা।
আরএনপিএল প্রকল্পটি বাংলাদেশের আরপিসিএল এবং চীনের নরিনকোর যৌথ উদ্যোগে পরিচালিত। এ প্রকল্প থেকেও শিগগির উৎপাদন শুরু হচ্ছে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশের বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেই তুলনায় আদানি প্ল্যান্ট ছাড়া উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, ফলে নতুন যুক্ত হওয়া বিদ্যুৎ সরবরাহ ঘাটতি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন