টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস, পাহাড়ধসের ঝুঁকিতে দুই বিভাগ।
দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৯৬ ঘণ্টা পর্যন্ত মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া আবহাওয়ার বার্তায় বলা হয়, বিশেষ করে সিলেট অঞ্চলে ইতোমধ্যেই ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অতিভারী বর্ষণের পর্যায়ে পড়ে।
রাজধানী ঢাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও টানা কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই ঝড়ো আবহাওয়া মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
অন্যদিকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন