এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না ওখানে: স্পিকার।
সুনামগঞ্জে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় এক পর্যায়ে হালকা হাস্যরসের সৃষ্টি হয়।
সোমবার (২৭ এপ্রিল) সংসদের অধিবেশনে ৭১ বিধিতে উত্থাপিত একটি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা চলাকালে এ ঘটনা ঘটে।
আলোচনায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার এলাকার হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কৃষিকাজ ও মৎস্য আহরণের সময় হঠাৎ বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, সুনামগঞ্জে বজ্রপাতের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। এ পরিস্থিতি মোকাবিলায় হাওরে আশ্রয়কেন্দ্র ও বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপনের দাবি জানান তিনি।
এর জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দেশের হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি। এ সমস্যা মোকাবিলায় সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি গবাদিপশুর ক্ষতির ক্ষেত্রেও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না ওখানে।”
উল্লেখ্য, স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের পর গত ২৮ মার্চ তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মতামত দিন