দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী।
দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম সিলেটে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২ মে নির্ধারিত এই সফরকে ঘিরে পুরো নগরীতে চলছে জোর প্রস্তুতি ও তৎপরতা।
প্রটোকল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন হযরত শাহজালাল (র.)-এর মাজারে, যেখানে সাড়ে ১০টার দিকে জিয়ারত করবেন।
এরপর দিনের কর্মসূচি শুরু হবে উন্নয়ন প্রকল্প দিয়ে। সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজের সূচনা করবেন।
বিকেলে রয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনের পর, বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনশেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
এই সফর সামনে রেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় চলছে পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়ক বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ সাজসজ্জার কাজও চলছে।
প্রশাসনিক দিক থেকেও নেওয়া হয়েছে কড়া প্রস্তুতি। জেলা প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, বসানো হচ্ছে অতিরিক্ত চেকপোস্ট এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আনা হয়েছে বিশেষ পরিকল্পনা।
রাজনৈতিক অঙ্গনেও দেখা যাচ্ছে তৎপরতা। জেলা ও মহানগর বিএনপি সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে। দলটির নেতারা বলছেন, সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতির বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরকে ঘিরে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। জেলা প্রশাসনও বলছে, সব প্রস্তুতি দ্রুত শেষ করা হবে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

মতামত দিন