অর্থনীতি
ছবি: সংগৃহীত

এপ্রিলেই রেমিট্যান্সে চাঙা গতি, ২৬ দিনেই ২৭১ কোটি ডলার ছাড়ালো প্রবাহ।

নিজেস্ব প্রতিবেদক:

মাস শেষ হতে এখনো বাকি, এর মধ্যেই প্রবাসী আয়ে বড় উত্থান দেখছে দেশ। চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনেই ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, শুধু একদিনেই—রোববার—রেমিট্যান্স এসেছে প্রায় ১ হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ মাসজুড়েই ধারাবাহিকভাবে শক্ত অবস্থানে রয়েছে বৈদেশিক মুদ্রার এই প্রবাহ।

গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে প্রবৃদ্ধির চিত্র আরও স্পষ্ট। ২০২৫ সালের এপ্রিলের প্রথম ২৬ দিনে যেখানে রেমিট্যান্স ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ কোটির বেশি—প্রায় ১৯.৬০ শতাংশ বৃদ্ধি।

চলতি অর্থবছরের সার্বিক হিসাবও একই ধারা দেখাচ্ছে। ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে বছরওয়ারি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০.২০ শতাংশ।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসীদের পাঠানো অর্থের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন